তারেক রহমান বললেন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘বাংলাদেশের মালিকানা এ দেশের মানুষের। স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ১৯৯৬ সালে বিএনপি দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে হাসিনা সরকার সংবিধান থেকে তা মুছে দিয়েছে। তিন-তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চায়।

গতকাল সোমবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘মানুষের নিরাপত্তা, বাকস্বাধীনতা, শান্তিতে ব্যবসা-বাণিজ্যের অধিকার, তরুণ ও যুবকের কর্মসংস্থান, নারীর মর্যাদা ও নিরাপত্তা, ধর্ম-বর্ণ-গোত্র গোষ্ঠী সমতল-পাহাড়ি নির্বিশেষে সবার জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠিত, বিচার, আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সবার জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপি রাজনীতির অগ্রাধিকার।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কতটা অসম্মানজনক ও অন্যায়ভাবে তার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেটি দেশবাসী দেখেছে। বিনাচিকিৎসায় আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছে। তেমনি দলের তৃণমূলের লাখ লাখ নেতাকর্মী মামলা-হামলায় জর্জরিত হয়েছে। ব্যবসা, চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা। আজ হিংসা নয় বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণের মাধ্যমে অতীতের সব অন্যায়ের জবাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুন, দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারই নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে। দলের সব সংকটকালে তৃণমূলই ছিল বিএনপির শক্তি, এরা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে। তৃণমূল সঙ্গে থাকলে দল যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে যেমন সক্ষম হবে, তেমনি তার পক্ষে দল পরিচালনা অনেক সহজ হবে।’ তিনি জনগণের প্রত্যাশা পূরণ আর আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরে এই বার্তা দেশের প্রান্তিকপর্যায়ের মানুষের কাছে পৌঁছানোর নির্দেশও দেন তিনি। আওয়ামী লীগের পাশাপাশি অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষের মোকাবিলায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত