জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ছোট ও কার্যকরী একটি প্রতিনিধিদল নিয়ে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে তার কাজ শেষ করে যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসতে চান। গতকাল সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরই হচ্ছে প্রথম বিদেশ সফর।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন। সফরের সুনির্দিষ্ট তারিখ ও সময়কাল এখনো চূড়ান্ত হয়নি।’ এ প্রসঙ্গে গত রবিবার তৌহিদ হোসেন বলেছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনেও কিছু বৈঠক হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চপর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। চলতি বছরের সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ সেপ্টেম্বর। আন্তর্জাতিক ব্যবস্থা কীভাবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা আরও ভালোভাবে মেটাতে পারে তা নির্ধারণের জন্য এ ধরনের প্রথম শীর্ষ সম্মেলনটি সব বয়সের নেতা, শুভাকাক্সক্ষী এবং কর্মীদের একত্রিত করবে।
