ভারতীয় কর্র্তৃপক্ষ

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষিদ্ধের খবর ভুয়া

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ এএম

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, এগুলো ভুয়া খবর। এ ছাড়া ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, ভারতের পক্ষ থেকে ছয় ছাত্রের ভিসা নিষিদ্ধ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে ভারত ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর রবিবার সকালেই ভারতের সরকারি সূত্র বলেছে, বিষয়টি সম্পূর্ণ ভুয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞ’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর এশিয়া। প্রতিবেদনে প্রকাশ করা হয়, ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে কর্মরত ভারতীয় গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়। বলা হয়, এ-সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকা ভারতীয় হাইকমিশনেও পাঠানো হয়েছে।

ওই প্রতিবেদনে ভিসা নিষেধাজ্ঞায় তালিকা থাকা ছাত্রনেতারা হলেন, গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত