পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য এ মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও এ সফরে থাকছেন বলে জানা গেছে।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করতেই তার এই সফর। দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হলেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আলোচনা হবে কী না সেটি এখনো স্পষ্ট নয়।
মার্কিন প্রতিনিধি দলের সফরে আলোচনার বিষয়ে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সার্বিক যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে আলোচনা হবে। আমরা চেষ্টা করব যেসব বিষয়ে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্র রয়েছে, সেটা যতটুকু এগিয়ে নেওয়া যায়।’
র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার বিষয়টি অগ্রাধিকারে থাকবে কী না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সেটা আমি বলতে পারব না। আমি এই মুহূর্তে জানি না যে এটা নিয়ে আমরা কী করতে যাচ্ছি।’
কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবে।
কূটনৈতিক সূত্র আরও জানায়, প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। এ ছাড়া সেই প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের বিষয়ে সবকিছু চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
প্রসঙ্গত, এর আগে গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন লু।
