দুই দিনের ব্রুনেই সফর শেষ। এ বার সিঙ্গাপুরে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিঙ্গাপুরে এটি তার পঞ্চম সফর। সেখানে সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান শন্মুগরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকবেন মন্ত্রী লি সিয়েন লুং, গোহ চোক টং এবং দেশের গুরুত্বপূর্ণ শিল্প-বাণিজ্য কর্মকর্তারাও।
গত মঙ্গলবার ব্রুনেই পৌঁছান মোদি। দুই দেশের মধ্যে দীর্ঘ ৪০ বছরের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে পা রাখলেন। সেখানে পৌঁছেই প্রথমে বিখ্যাত ওমর আলি সইফুদ্দিন মসজিদ পরিদর্শনে যান মোদি। ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ানের ওই মসজিদে তাকে স্বাগত জানান দেশটির ধর্মমন্ত্রী পেহিন দাতো উস্তাজ হাজি আওয়াং বদরউদ্দিন এবং স্বাস্থ্যমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ ইশাম। খবর আনন্দবাজার অনলাইনের।
মঙ্গলবার ব্রুনেইয়ের ভারতীয় দূতাবাসের একটি অংশেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেরি বেগাওয়ানেই রয়েছে ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন। সেখানেই হাসানালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি। আলোচনা শেষে তিনি সুলতানের আয়োজিত নৈশভোজে যোগ দেন।
এদিকে ব্রুনেই সফর শেষে বুধবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন মোদি। সেখানকার রাষ্ট্রপ্রধান এবং শিল্প-বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে তার। আলোচনা হবে উৎপাদন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, সংযোগ এবং প্রতিরক্ষা বিষয়ে। দুই দিনের সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরবেন তিনি।
ব্রুনেই, সিঙ্গাপুরসহ বৃহত্তর আসিয়ান অঞ্চলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক পোক্ত করতেই প্রধানমন্ত্রীর এই সফর।
মুরগির দাম ৭ লাখ, ডিম একেকটি ২ হাজার!