অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ বিচার দাবি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ এএম

চিকিৎসা অবহেলার অভিযোগ এনে শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্তর মৃত্যুর ঘটনায় গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার শহরের ডিবি রোডের গানাসাস মার্কেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, দীপ্তর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ এনে সহপাঠীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় চিকিৎসায় অবহেলার সঙ্গে জড়িত চিকিৎসকদের শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু, ভাই বাঁধন ইসলাম, শাওন ইসলাম, বন্ধু তামজিদ রায়হান শিথিল, রাশেদ বাবু, তন্ময়, শ্রাবণ, সানিসহ অনেকে।

গত ৩১ আগস্ট ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন আহসানুল ইসলাম দীপ্ত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর মারা যান দীপ্ত। এ ঘটনায় চিকিৎসকদের কর্তব্যে অবহেলার অভিযোগ এনে চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শিক্ষার্থীদের আসামি করে থানায় মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত