রাজধানীতে পৃথক ঘটনায় ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে নিচে পড়ে উত্তরায় ২ নির্মাণশ্রমিক এবং বাড্ডা আফতাবনগরের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উত্তরায় এবং বেলা আড়াইটার দিকে বাড্ডায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, মাসুম (৩২), অলিউল্লাহ (২০) ও নাসির উদ্দিন (৪০)।

উত্তরা থেকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বেলাল হোসেন জানান, উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের, ৪ নম্বর রোডে নির্মাণাধীন ১৪ তলা ভবনের রাজমিস্ত্রি কাজ করেন তারা। ভবনটিন ৯ম তলার বাইরে দিকে মাচান বেঁধে কাজ করছিলেন মাসুম, অলিউল্লাহ ও ইয়াকুব। তখন মাচানটির রশি ছিড়ে তারা ৩ জনই ভবন থেকে নিচে পড়েন। ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে অলিউল্লাহকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মাসুম এবং ইয়াকুবকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন মারা যান মাসুমও। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ইয়াকুব। তাদের ৩ জনের বাড়িই চাপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন এবং সেখানে কাজ করতেন। 

অন্যদিকে বাড্ডা থেকে নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ও বড় ভাই আবু বক্কর জানান, আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রি কাজ করেন এবং সেখানেই থাকেন তারা। ৮ম তলায় মাচান বেধে কাজ করছিলেন নাসির উদ্দিন ও জাহিদ নামে দুই শ্রমিক। মাচানটি রশি ছিড়ে তারা ২ জনই নিচে পড়ে যান। ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। ভর্তি রয়েছেন জাহিদ  তাদের বাড়িও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত মাসুম ও নাসিরুদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ইয়াকুব ও জাহিদ জরুরি বিভাগে ভর্তি রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত