বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাভার অঞ্চলের শহীদদের কবর জিয়ারত করেন শিক্ষার্থীরা এবং বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সমন্বয়ক আব্দুর রশিদ বলেন, ‘আজকে স্বৈরাচার পতনের এক মাস হলো। এই আন্দোলনের জন্য আমাদের অনেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে। আজকের এই দিনে আমরা আমাদের সকল শহীদ ভাইদের স্মরণ করছি এবং মূলত তাদের স্মরণেই আমাদের আজকের আয়োজন। তবে আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা সবাইকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে, সামনে যারা দেশের নেতৃত্বে আসবে তারা যেন এই স্বৈরাচার পতনের আন্দোলনকে একটি উদাহরণ হিসেবে গ্রহণ করে। বাংলাদেশের মানুষ আর কোনোদিন কারো একক নেতৃত্বকে মেনে নিবে না।’
সমন্বয়ক আহসান লাবিব বলেন, ‘যেসব পরিবারের আমাদের ভাই-বোনেরা শহীদ হয়েছে তাদের পরিবারকে বলতে চাই, আপনারা একা নন। দেশের লক্ষ লক্ষ সন্তান আপনাদের পাশে রয়েছে। আমার ভাইয়েদের রক্ত বৃথা যেতে দেব না। যে উদ্দেশ্য আমার ভাইয়েরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে সে লক্ষ্য আমাদের পূরন করতেই হবে।’
রাবিতে ফ্যাসিবাদ নির্মূল কমিটির আত্মপ্রকাশ