বেক্সিমকোর সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ কেন নয়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ এএম

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক (জব্দ) করে সেগুলো দেখভালে রিসিভার (তত্ত্বাবধায়ক) নিয়োগ প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব। ব্যারিস্টার মাসুদ আর সোবহান এ রিট আবেদনটি করেন।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন। হত্যা মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেদওয়ান আহমেদ রানজীব দেশ রূপান্তরকে বলেন, ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেক্সিমকোর সব প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ এবং কী পরিমাণ ঋণ অপরিশোধিত রয়েছে, সে সংক্রান্ত তথ্য দিতে, বিদেশ থেকে এ গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলেছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত