জাতীয় হৃদরোগে নতুন পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ এএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

নতুন এই পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ডা. মীর জামাল উদ্দিনের চলমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে গতকাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাতিল করে কোনো প্রজ্ঞাপন হয়নি।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো। বদলি/পদায়নকৃত এই কর্মকর্তা আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। এতে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডেটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত