মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই থেকে এলো শুভেচ্ছা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ওয়ানডেতে যাত্রা শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমানের। সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্যারিয়ারের মাঝগগনে এসে আইপিএলে সেই ধোনির দল চেন্নাই সুপার কিংসে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশের পেস তারকার জন্মদিনে চেন্নাই থেকে এলো শুভেচ্ছাবার্তা।

আজ ৬ সেপ্টেম্বর ২৯ বছরে পা দিয়েছেন মোস্তাফিজ। তিনি আইপিএলের গত আসরে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তবে বিসিবির গোয়ার্তুমির কারণে পুরো আসর খেলতে পারেননি। মোস্তাফিজের জন্মদিনে চেন্নাইয়ের অফিশিয়াল ফেসবুক পেজে তার একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, ‘কাটারের জাদু দেখিয়ে যাও। বাংলার সিংহের জন্মদিনে শুভেচ্ছা।’

আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথমবার খেলতে নেমে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে ফিরে আসার আগে তিনি ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলে নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি। চেন্নাই তার ছুটি বাড়াতে বিসিবিকে অনুরোধও করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত