ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ এএম

যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা যেন ভারতের নিরাপত্তায় বিঘœ ঘটাতে না পারে সে লক্ষ্যে সামরিক বাহিনীকে এ নির্দেশনা দেন তিনি। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লখনৌতে এক সামরিক অনুষ্ঠানে এ কথা বলেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চলমান ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-হামাস যুদ্ধের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনাসহ বৈশ্বিক অস্থিরতার ওপর সতর্ক নজর রাখতে এবং এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন সামরিক কমান্ডারদের। জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দ্বিতীয় ও শেষ দিনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। আর এই শান্তি সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় যৌথ সামরিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং কোনো যুদ্ধে জড়ালে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সে বিষয়ে প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেন তিনি।

এছাড়াও ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলোর সমস্যা নিয়ে ব্যাপক বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, আমাদের চারপাশে ঘটতে থাকা ক্রিয়াকলাপগুলোর ওপর নজর রাখতে হবে। আর এ জন্য আমাদের একটি শক্তিশালী ও মজবুত জাতীয় সুরক্ষা উপাদান থাকা উচিত।

সম্মেলনে জাতীয় স্বার্থরক্ষাসহ ‘আত্মনির্ভর ভারত’-এর রূপকল্পকে এগিয়ে নিতে দেশটির সশস্ত্র বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। সেই সঙ্গে তিন বাহিনীর মধ্যে যৌথতা ও সংহতিকে আরও এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন তিনি। এ সময় মহাকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধে সক্ষমতা বিকাশের ওপরও জোর দেন রাজনাথ। সামরিক নেতৃত্বকে প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর দিকে মনোনিবেশের আহ্বানও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত