সিলেটের হজরত শাহপরান (রহ.)-এর মাজারে গানবাজনা নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ। এক ভিডিও বার্তায় গানবাজনা বন্ধের ঘোষণা দিয়ে তিনি বলেন, 'মাজারে গানবাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। ওরসে (প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৪ থেকে ৬ তারিখ) কোনো গানবাজনা হবে না'।
মাজারে বৃহস্পতিবার যে গানবাজনার আয়োজন হয় তাও নিষিদ্ধ করার কথা জানিয়ে তিনি বলেন, 'মাজারে ঢোল-তবলা কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র না নিয়ে আসার অনুরোধ। মাজারে প্রতি বৃহস্পতিবার যে গানবাজনার আয়োজন করা হয়, তা-ও এখন থেকে বন্ধ থাকবে। কেউ এমন আয়োজন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে'।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব কথা জানান মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ। তার ভিডিও বার্তার আগে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন একদল মুসল্লি। তারা মাজারে‘অসামাজিক ও অনৈতিক’ কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে বলেন, গানবাজনার আড়ালে মাজারে মাদক সেবন ও অশ্লীলতা হয়। এসব অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ দ্রুত বন্ধ করতে হবে।
কাবুল আহমদ গণমাধ্যমকে শনিবার জানিয়েছেন, কারও চাপে পড়ে গানবাজনা বন্ধ করা হয়নি। আলেম-ওলামা, ছাত্র-জনতা, খাদেম পরিবার, এলাকাবাসী, সিটি করপোরেশনের কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন সবাই মিলেই আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে।
