নেইমারের আল হিলাল স্কোয়াডে থাকা নিয়ে জটিলতা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ পিএম

২০২৩ এর অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার। প্রায় এক বছর ধরে তিনি আছেন মাঠের বাইরে। কিছু দিন আগে আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন, দিয়েছেন মাঠে ফেরার ইঙ্গিতও।

তবে নেইমার মাঠে ফিরবেন কবে, তা এখনো নিশ্চিত নয়। আগামী বছরের জানুয়ারির আগে নেইমারের ফেরার সম্ভাবনা নেই, এমন খবর বেশ কিছু সংবাদমাধ্যমে। তবে নেইমারের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে আল হিলালের এই মৌসুমের দলবদল। সৌদি প্রো লিগের নিয়ম অনুসারে ক্লাবগুলো প্রতি মৌসুমে ৮ বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে।

ক্লাবটিতে নেইমারসহ বিদেশি খেলোয়াড় ৯ জন। শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন রেনান লোদি। ৯ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা জমা দিতে হবে আল হিলালকে। তাই দ্রুতই ক্লাবটিকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে দলে কোন আট বিদেশি খেলোয়াড়ের নিবন্ধন করা হবে।

নেইমারের আগামী শীতকালিন দল-বদলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমন অবস্থায় নেইমার বাদ পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

শেষ পর্যন্ত নেইমারের ভাগ্যে কী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত