দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে তিনজন মারা গেছে। এ নিয়ে এ মাসের সাত দিনের মধ্যে তিন দিনই তিনজন করে মারা গেল।
নতুন মৃতদের মধ্যে তিনজনই পুরুষ তাদের দুজন ৬-১৫ বছর বয়সী শিশু ও একজন ৬১-৬৫ বছর বয়সী। তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন ও একজন খুলনা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে মারা গেল ১২ জন। এর আগে সমসংখ্যক রোগী মারা গিয়েছিল জুলাই ও মে মাসে। এ বছর এখন পর্যন্ত মারা গেছে ৯৫ জন। সর্বোচ্চ মারা গেছে আগস্টে ২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। রোগীর এই সংখ্যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এক দিনে এর চেয়ে বেশি ৪১৩ রোগী পাওয়া গিয়েছিল গত বছরের ১১ ডিসেম্বর।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৭ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৯২, ঢাকা বিভাগে ৩৬, খুলনায় ১৫ ও ময়মনসিংহ বিভাগে আটজন রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২০৭ জন। তাদের মধ্যে নারী ৩৯ শতাংশ ও পুরুষ ৬১ শতাংশ।
