গাজীপুরে দুই যুবক হত্যা

শেখ হাসিনা রেহানার বিরুদ্ধে ২ মামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ এএম

দুই যুবককে হত্যার অভিযোগ গাজীপুরের কালিয়াকৈর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ২১৭ জনের নাম উল্লেখ করে আলাদা দুটি মামলা করা হয়েছে। এই দুই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে মামলা দুটি করেন নিহতের স্বজনরা। কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন- কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার হায়াত আলী ফকিরের ছেলে মো. জসিম ফকির (৩৬) এবং উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা শাহিনুর মাহমুদ শেখ (৪০)।

প্রবল গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর গতকাল পর্যন্ত এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১৪১টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেল, যার মধ্যে ১২৮টি হত্যা মামলা।

কালিয়াকৈর থানায় হওয়া দুটি হত্যা মামলার মধ্যে একটিতে বাদী হয়েছেন নিহত জসিম ফকিরের ভাই রিয়াজ ফকির এবং আরেকটির বাদী নিহত শাহিনুরের স্ত্রী সালমা বেগম।

মামলার এজাহারে উল্লিখিত বর্ণনা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈরের সফিপুর এলাকায় গত ৪ আগস্ট বিকেলে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে জসিম ফকির নিহত হন। পরে লাশ নিহতের পরিবার উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনায় শুক্রবার রাতে নিহতের ভাই রিয়াজ ফকির বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ হেলালকে হুকুমের আসামি করে ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

আর অন্য মামলাটিতে শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের ও মোজাম্মেল হককে হুকুমের আসামি করে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সাভারে ব্যবসায়ী নিশান হত্যায় মামলা : সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিশান খান (৩৭) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে প্রধান আসামি করে ২২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী ঝামেনা তুজ জোহরা বাদী হয়ে গতকাল সকালে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান।

নিহত নিশান খান চাঁদপুর সদরের দামুদরদি গ্রামের মৃত খন্দকার আব্দুল মালেকের ছেলে। তিনি স্ত্রী ঝামেনা তুজ জোহরাকে নিয়ে সাভার পৌর এলাকার সাভারের বিনোদবাড়ী মহল্লার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার বাদী ঝামেনা তুজ জোহরা বলেন, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা, অনাগত সন্তান কোনোদিন তার বাবার মুখ দেখতে পারবে না। মোহাম্মদ (৫) নামে এক সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে দিশেহারা তিনি। এখন পর্যন্ত স্থানীয় কিংবা জাতীয় পর্যায়ের কোনো নেতাকর্মী কিংবা প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেয়নি।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বিকেলে সাভার থানা রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুকের বাম দিকে গুলিবিদ্ধ হন নিশান খান। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার লাশ চাঁদপুর সদরের মনোহরখাদি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত