রূপগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় একপক্ষ আরেকপক্ষের বাড়িঘর ও গাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা সে¦চ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ অভিযোগ করে জানান, উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের একটি অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।।

পাল্টা অভিযোগ করে উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুল মিয়া বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এলাকায় আমরা পোস্টার লাগাই। কোনো কারণ ছাড়াই ওই পোস্টার ছিঁড়ে ফেলেন উপজেলা সে¦চ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজন। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমাদের পক্ষের উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা তার বাসায় থাকা স্বর্ণালংকার ও মালপত্র লুট করে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। দলের ভেতর কিছু অনুপ্রবেশকারী ও দুষ্কৃতকারী এসব ঘটনা ঘটছে। এ ব্যাপারে দলীয়ভাবে আমরা তদন্ত করে বিষয়টি দেখব।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত