রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্য হলেন নুহাশ হুমায়ূন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের লেখকসংঘ রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্টের সদস্য হয়েছেন বাংলাদেশের তরুণ পরিচালক নুহাশ হুমায়ূন। এক মেম্বারশিপের আবেদনের প্রেক্ষিতে মার্কিন এই সংঘটির সদস্য হন বলে নিশ্চিত করেন তিনি নিজে। 

নুহাশ বলেন, হলিউডের বেশ কিছু প্রজেক্টে আমি কাজ করেছি, তারপর মেম্বারশিপের জন্য আবেদন করেছিলাম৷ বৃহস্পতিবার খবর পাই যে আমাকে মেম্বারশিপ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটা অন্যরকম অনুভূতি। আমার কাছে খুব ভালো লাগছে। এখন দেশে ‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজনের কাজ চলছে। এর মধ্যেই রাইটার্স গিল্ড থেকে এই খবর আসল। আবার সে দেশেও আমাদের কনটেন্টগুলো গুরুত্ব পাচ্ছে, এগুলো খুবই ভালো লাগার বিষয়। দুই জায়গাতেই সমানতালে কাজ করে যেতে চাই।

হলিউডের কী কী প্রজেক্ট কাজ করেছেন এমন প্রশ্নে নুহাশ বলেন, প্রজেক্টের কাজগুলো এখনো প্রচার হয়নি। তাই নামগুলো প্রকাশ করতে পারছি না। গোপন রাখতে হচ্ছে। তবে প্রচারের ঘোষণা আসলে অবশ্যই জানানো হবে।

‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজনের শুটিং শেষে এখন চলছে সম্পাদনার কাজ। এই সিরিজে প্রথমবারের মত গল্প লিখেছেন নুহাশের মা গুলতেকিন খান। সিরিজের অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করতে নারাজ পরিচালক।

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছে নুহাশের ‘ফরেনারস অনলি’ সিরিজ। 'পেটকাটা ষ', 'মশারি', 'অস্থির সময় স্বস্তির' নামের সিরিজ নিয়ে ওটিটিতে কাজ করেছেন এই পরিচালক। এছাড়াও 'ইতি তোমারই ঢাকা', 'মোভিং বাংলাদেশ' সিনেমা নির্মাণ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় 'পেট কাটা ষ' এর দ্বিতীয় সিজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত