রিমান্ড শেষের আগেই কারাগারে শাজাহান খান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ এএম

ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাত দিনের রিমান্ডে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দুদিনের রিমান্ড শেষে গতকাল রবিবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর খোকন মিয়া। শাজাহান খানের পক্ষে তার আইনজীবী শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন।

তিনি বলেন, শাজাহান খান অসুস্থ। তার হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়েছে। অসুস্থতার কারণে তার রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে আদালতে আনা হয়েছে। তাকে জামিনের আরজি জানান আইনজীবী। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় আইনজীবী শাজাহান খানের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে আদেশের আবেদন জানালে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেয়। গত শুক্রবার শাজাহান খানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত