বিএবির নতুন সভাপতি আব্দুল হাই সরকার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর বিএবির বোর্ড রুমে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় তিনি সর্বসম্মতিক্রমে অবশিষ্ট মেয়াদের জন্য (২৮ ফেব্রুয়ারি ২০২৫) পর্যন্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আব্দুল হাই সরকার সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি (এম. কম) সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে তিনি আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন।

তার আন্তরিক প্রচেষ্টা এবং প্রগতিশীল নেতৃত্বের ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয় অন্যতম বৃহৎ ব্যবসায়িক কংগ্লোমারেট পূর্বাণী গ্রূপ। আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্যাংকসের (বিএবি) প্রাক্তন সহ-সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) প্রাক্তন চেয়ারম্যান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের (এফবিসিসিআই) প্রাক্তন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান।  তার পুনঃনিয়োগ ইতিবাচকভাবে ব্যাংকিং সেক্টরের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত