গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলে গতকাল সোমবার সকালে শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিদ্যালয় ছুটির পর পার্শ¦বর্তী সিংহশ্রী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে লুৎফুর রহমানের কাছে প্রাইভেট পড়ে। কিন্তু ওই শিক্ষক মাঝেমধ্যে তাকে যৌন হয়রানি করতেন। এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক একটি নির্জন কক্ষে ওই ছাত্রীকে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন ও কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ছাত্রীটি দৌড়ে বাড়ি গিয়ে তার মাকে ঘটনা খুলে বলে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হলে গত ৮ সেপ্টেম্বর ছাত্রীর বাবা কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, শিক্ষক লুৎফুর রহমানকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
