পাচারের অর্থ ফেরত আনতে এফবিআই-দুদক বৈঠক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ এএম

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সঙ্গে বৈঠক করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালকসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের এ বৈঠক হয়।

দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে মানি লন্ডারিংরোধে করণীয়, কারিগরি সহায়তা ও অন্তর্বর্তী সরকারের টাকা ফেরাতে টাস্কফোর্স কীভাবে এফবিআইকে পাশে পাবে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে, নাকি পরামর্শক হিসেবে থাকবে, তা নিয়েও আলোচনা করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটির (জিএফআই) তথ্যানুসারে বাংলাদেশ থেকে গড়ে প্রতিবছর ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। জিএফআই সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালেই বাংলাদেশ থেকে ৪ হাজার ৯৬৫ কোটি ডলার বা সোয়া ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে এবং পাচার প্রতিরোধকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে সংস্থাটি। দুদকের অনুসন্ধান ও তদন্তকাজ আরও নিখুঁত করতে এবং সরকার গঠিত টাস্কফোর্সের কাজে দেশি-বিদেশি সহায়তা নিতে চায় সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এফবিআইয়ের বিশেষ বৈঠক করে।

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এফবিআইয়ের সঙ্গে আলোচনার প্রধান বিষয় হচ্ছে যৌথ টাস্কফোর্স। ওই টাস্কফোর্স কীভাবে কাজ করলে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে, আমরা এ বিষয়ে তাদের সহযোগিতা চাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত