বিএনপি নেতার কবল থেকে মুক্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম

মাদারীপুরের ডাসারে কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলমুক্ত হয়েছে। পরে উপজেলা প্রশাসন বাড়িটি পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার উপজেলার পূর্ব মাইজপাড়ায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে নিয়ে পরিদর্শনে যান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ইউএনও উত্তম কুমার দাশ  বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ে পৈতৃক ভিটা ও জমি আমরা আগেই নিয়ন্ত্রণে নিয়েছি। তবে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা পরির্দশন করেছি। এটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আছে। এই জমিতে অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। অতি শিগগিরই লেখকের পৈতৃক ভিটায় সুনীল স্মৃতি মিউজিয়াম, পুকুরপাড়–সংলগ্ন উন্মুক্ত মঞ্চ, শান বাঁধানো ঘাট নির্মাণ করে হবে। লেখকের পৈতৃক ভিটা একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে।’ 

এছাড়া ওই সোহেল হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ডাসার ও কালকিনি উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্র জানা যায় , ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মৌজায় সুনীল গঙ্গোপাধ্যায়ের ৭ একর ১৫ শতাংশ পৈতৃক জমি রয়েছে। এসব জমির মধ্যে ২ একর ৯৭ শতাংশ জমি সরকারের খাসজমি হিসেবে রেকর্ড। গত শনিবার দুপুরে লেখকের পৈতৃক ভিটার একটি টিনশেড ঘরের (সুনীল স্মৃতি পাঠাগার) তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বিএনপি নেতা সোহেল হাওলাদার ও তার লোকজন। 

পরে তারা লেখকের ব্যবহৃত সরঞ্জামাদি, বই, আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ একাধিক ছবি ভাঙচুর করেন। এরপর তারা ওই ঘরে ওএমএসের প্রায় এক ট্রাক চাল রেখে নতুন তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসক কর্তৃক লাগানো একটি সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয়। 

এরপর উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে সেদিনই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে সুনীল গঙ্গোপাধ্যায়ে পৈতৃক ভিটা ও জমি নিয়ন্ত্রণে নিয়ে নেন। এরপর মঙ্গলবার সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা ও জমি পরিদর্শনে এসে আশপাশের সকলকে সর্তক করা হয়।

উল্লেখ্য, সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনির পূর্ব মাইজপাড়া গ্রামে। তিনি ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত