জাতীয় বিশ্ববিদ্যালয়

চাকরিচ্যুতদের পুনর্বহালে রিভিউ ও দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা—কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশন দায়ের এবং ২০০৮ হতে ২০২৪ সাল পর্যন্ত সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব—নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভায় বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা—কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগে সিভিল রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার কর্মকর্তা—কর্মচারীদের পদোন্নতি ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিধি অনুযায়ী গঠিত নির্বাচনী বোর্ডের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি/আপগ্রেডেশন প্রদানের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্র—জনতার দাবির মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভুত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট নামকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত যে সব আর্থিক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে, তার শ্বেতপত্র প্রণয়নের জন্য প্রফেশনাল বডি/সংস্থাকে দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত