নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা সদরের এতিমখানা রোড এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এ ঘটনায় রফিক নামে এক ব্যক্তিকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করা হয়েছে।
চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ।
জানা গেছে, কলমাকান্দার বিভিন্ন পয়েন্ট দিয়ে একশ্রেণির অসাধু লোক দীর্ঘদিন ধরে চোরাই পথে অবৈধভাবে চিনি, মাদক, মসলা, কম্বল, শাড়ি, থ্রি-পিসসহ নানা ধরনের কসমেটিক সামগ্রী নিয়ে আসছে। এ তথ্য পেয়ে সোমবার মধ্যরাতে যৌথ বাহিনীর কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশের নেতৃত্বে এতিমখানা রোড এলাকার একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রফিকের ভাড়া নেওয়া গুদামঘর থেকে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে রফিক নামে এক ব্যক্তির গুদাম থেকে ২৭৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। তার নামে থানায় মামলা করা হয়েছে।
