সৎ এমডি চান না তিতাসের অসাধু কর্মীরা!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ এএম

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী পেট্রোবাংলায় ন্যক্কারজনক হামলা চালিয়েছেন। গতকাল মঙ্গলবার এ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে পেট্রোবাংলা জানিয়েছে।

এ ঘটনায় উসকানি দেওয়ার দায়ে পেট্রোবাংলার পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তিতাসের এক কর্মকর্তাকে দেওয়া হয়েছে পদাবনতি। হামলার ঘটনায় পেট্রোবাংলা মামলার প্রস্তুতি নিচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তিতাসের কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন উপমহাব্যবস্থাপক (অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্প) মো. তারিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (সেবা) মো. আবদুল জলিল, ব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল) মো. ফজলুল হক, ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ সাইফুদ্দিন ও উচ্চমান সহকারী (প্রশাসন) মো. নজরুল ইসলাম। ওই ঘটনার দায়ে তিতাসের উপমহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দীন তালুকদারকে মহাব্যবস্থাপক পদে যে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক পদে ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আস্থাভাজন হিসেবে পরিচিত মো. হারুনুর রশিদ মোল্লাহ। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পরও তা আমলে না নিয়ে দফায় দফায় চাকরির মেয়াদ বাড়ানো হয়। গত ৯ সেপ্টেম্বর তার চুক্তি বাতিল করে নতুন এমডি হিসেবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে চলতি দায়িত্ব দেওয়ার পরই ওই হামলার ঘটনা ঘটে।

পেট্রোবাংলার অধীন প্রতিষ্ঠান হয়েও তিতাসের কর্মীরা কেন পেট্রোবাংলায় হামলা চালালেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, শাহনেওয়াজ সৎ ও যোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি দায়িত্বে থাকলে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অবৈধ রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয়েছেন।

এ যুক্তির কিছুটা বাস্তব প্রমাণও মিলেছে। কারণ গত রবি ও মঙ্গলবার পেট্রোবাংলার নির্দেশে ঢাকার কেরানীগঞ্জ এবং কালীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের উচ্ছেদ অভিযান চালান শাহনেওয়াজ পারভেজ। কেরানীগঞ্জ নসরুল হামিদের এলাকা। ওই দুই এলাকায় দুদিনে প্রায় ২৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস সংযোগের ফলে সেখানে প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ ঘনফুট গ্যাস চুরি হচ্ছিল। যার আর্থিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। মাসে এর পরিমাণ দাঁড়ায় প্রায় এক কোটি টাকার মতো। বছরের পর বছর ধরে এসব গ্যাস চুরি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। বিভিন্ন এলাকায় এমন বহু অবৈধ সংযোগ রয়েছে, যার মাধ্যমে তিতাসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আয় করেন বলে অভিযোগ রয়েছে।

নতুন এমডি নিয়োগের প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পেট্রোবাংলায় গিয়ে বিক্ষোভ করেন তিতাসের কিছু কর্মকর্তা-কর্মচারী। বহিরাগতদের সঙ্গে নিয়ে তারা লাঠিসোঁটা দিয়ে পেট্রোবাংলায় ভাঙচুর এবং মারধর করেন বলে অভিযোগ উঠেছে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে তারা সেখানে তা-ব চালান। এ সময় পেট্রোবাংলার চারজন কর্মকর্তা-কর্মচারী এবং ভিডিও করার সময় বিডি টাইমস নিউজের সাংবাদিক নোমান রহমান আহত হন। হামলাকারীরা নোমানের মোবাইল ভেঙে ফেলে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

তিতাসের কয়েকজন কর্মকর্তার দাবি, এক দশকের বেশি সময় ধরে তিতাসের কর্মকর্তাদের বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠান থেকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিচ্ছে পেট্রোবাংলা।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন, ‘নতুন এমডির বিষয়ে তাদের আপত্তি থাকতে পারে, তারা সেটা আমাদের জানাতে পারত, আমরা বিবেচনা করে দেখতাম। কিন্তু তারা তা না করে লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত