সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

গণপিটুনিতে নিহত রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর মতিহার থানায় নিহতের ভাই মো. বেহেস্তী এই মামলা দায়ের করেন।

রাজশাহী মেট্রপিলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, আব্দুল্লাহ আল মাসুদ (৩২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের স্টোর কিপার পদে কর্মরত ছিল। সে গত ২০২২ সালের ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে যোগদান করে। যোগদানের পর থেকে আমার ছোট ভাই আব্দুল্লাহ আল মাসুদ (৩২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিলী অফিসার্স কোয়াটার্সে সপরিবারে বসবাস করে আসছিল। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিরী অফিসার্স কোয়াটার্স থেকে তার ব্যবহৃত স্কুটি (মোটরসাইকেল) যোগে নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রীর ওষুধ নেওয়ার জন্য মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারস্থ ফার্মেসীতে গেলে অজ্ঞাতনামা কে বা কারা আমার ছোট ভাইকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুসরণ করে। অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগণ আমার ছোট ভাইকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অজ্ঞাত স্থানে উপর্যুপরি প্রহার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে মহিতার পরে বোয়ালিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহয়তায় রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার ছোট ভাইয়ের দ্রুত এক্সরে করে এবং ৩১ নং ওয়ার্ডে ভর্তি করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্স আমার ছোট ভাইকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে মৃত্যুবরণ করেন।

নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত