নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ৫ জনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরসিন্দুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের বিরোধ চলছিল। গতকাল সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয়। পরে সন্ধার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের ২০ জন আহত হয়। গুরুত্বর আহত কয়েকজনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থী শান্ত জানান, বিএনপির কিছু নেতাকর্মীরা অবৈধভাবে হাটবাজারে চাঁদা তুলতো। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাধা দিয়ে তাদের কাছ থেকে হাটবাজার উন্মুক্ত করে দেয়। গতকাল হাট চলাকালীন রাত ৮টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।
পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে এলাকার বাহিরে থাকায় কি কারণে এই ঘটনা তা জানতে পারিনি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
