শ্রেণিকক্ষে দপ্তরির গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ এএম

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জুনায়েদ মিয়ার গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে যোগ দেন জুনায়েদ মিয়া। বিদ্যালয়ে যোগদানের পর থেকে স্থানীয় প্রভাবে শ্রেণিকক্ষে প্রায়ই গাঁজা ও ইয়াবা সেবন করতেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, জুনায়েদ মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারও নেই। প্রতিবাদ করলে হুমকি-ধমকি ও মারধরের শিকার হতে হতো। তিনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেলের ছোট ভাই বায়েজিদ ভূঁইয়ার ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করে বেড়াতেন।

এ বিষয়ে জানতে চাইলে দপ্তরি জুনায়েদ মিয়া ঘটনাটি মিথ্যা বলে দাবি করে বলেন, ‘ভিডিওটি এডিট করা হয়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া আক্তার বলেন, ‘ভিডিওটি দেখিনি। হয়তো স্কুলের সময়ের পর এটা হয়ে থাকতে পারে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। যদি এমন কাজ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত