বগুড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ এএম

বগুড়া চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মো. রানা মিয়া (৪৫) তিনি ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় লোহা ব্যবসায়ী। রানার স্ত্রী রোজিনা বেগম (৩৮) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত রানা মিয়ার ভাতিজা মুর্তোজা বলেন, গত রবিবার রাতে রিকশা ভাড়া মেটানোর সময় চালকের সঙ্গে তর্কে জড়ান রানা মিয়া। ওই সময় স্থানীয় কয়েক যুবক রানার পক্ষ নিয়ে ওই চালককে মারধর করে। পরে সেই রিকশাচালক স্বজনদের নিয়ে ওই যুবকদের পাল্টা মারধর করে। পরে রানার পক্ষে বিবাদে জড়ানোর পাওনা হিসেবে স্থানীয় ওই যুবকরা তার (রানা) কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

মুর্তোজা আরও বলেন, মঙ্গলবার রাতে বোনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে রানা ও তার স্ত্রী রোজিনা বাড়ি ফিরছিলেন। এ সময় ওই যুবকরা তাদের দাবি করা চাঁদার টাকা চায়। রানা চাঁদা দিতে অস্বীকার করলে তারা রানা ও তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত