শেখ হাসিনা মাশরাফীসহ ৪০৮ জনের নামে মামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার আদালতে মামলা দুটি করা হয়। একই দিন ঢাকার আদালতে ২০১৩ সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে রেহেনা পারভীন নামে এক আইনজীবীকে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও দুটি অভিযোগ আনা হয়েছে। এদিকে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংস হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক জন প্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হককে আসামি করে তিনটি মামলা করা হয়েছে ঢাকা, কুমিল্লা ও মেহেরপুরের আদালতে।

হত্যার অভিযোগে দুই মামলা : উত্তরায় পুলিশের গুলিতে সালাম বাবু নামে এক অটোরিকশাচালক নিহতের ঘটনায় গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন বাবুর বাবা তোফাজ্জল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। অন্যদিকে মিরপুরে সেলিম আলী সেখ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন মামুন নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নিদেশ দেয়।

হত্যাচেষ্টা-ছিনতাই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে : গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে আইনজীবী রেহেনা পারভীন বাদী হয়ে ২৭ জনকে আসামি করে মামলাটি করেন। আইনজীবী রেহেনা পারভীনের করা মামলায় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে দেড় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে বাদী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্রিম কোর্টের সামনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিলেন তিনিসহ শতাধিক আইনজীবী। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পুলিশ তাদের ওপর হামলা চালায়। তখন বাদী আইনজীবী রেহেনা পারভীনকে বেধড়ক মারধর করে হত্যাচেষ্টা এবং তার মোবাইল ফোন, ব্যাগ ও টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়।

কুলাউড়ায় শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ : মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আটজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির সভাপতি শওকতুল ইসলাম শকু বাদী হয়ে কুলাউড়া থানায় এ অভিযোগ জমা দেন। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় দেশ রূপান্তরকে বলেন, ‘এ বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্র্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি আদালতে দাখিল করতে হবে। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মানবতাবিরোধী অপরাধের আরও দুটি অভিযোগ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট আশুলিয়ায় গুলিতে নিহত আস-সাবুর ও সাজ্জাদ হোসেন সজলের পক্ষে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক বরাবর দুটি অভিযোগ জমা দেওয়া হয়। আস-সাবুরের ভাই মো. রিজওয়ানুল ইসলাম ও সজলের মা মোছা. শাহীনা বেগমের পক্ষে অভিযোগগুলো জমা দেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। এর মধ্যে আস-সাবুর হত্যায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। আর সজল হত্যায় শেখ হাসিনাসহ আসামি করা হয়েছে ৪০ জনকে। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এখন পর্যন্ত ১৪টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

নড়াইলে মাশরাফী ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা : নড়াইলে সাবেক এমপি ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নামে মামলা হয়েছে। এই মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনের নেতাদের আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট নড়াইল শহরে বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে মামলাটি করা হয়।

সাবেক আইজিপি বেনজীরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা : সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. নয়ন বাঙালির ওপর ২০১৩ সালে হামলায় ঘটনায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নয়ন বাঙালির মা মেহরুন্নেসা হক বাদী হয়ে এ মামলা করেন।

চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা : কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে চলন্ত বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক আইজিপি ও র‌্যাবপ্রধান বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুড়ে যাওয়া আইকন পরিবহন বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

১০ বছর আগের ঘটনায় মেহেরপুরে মামলা : মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যার ঘটনার ১০ বছর পর আদালতে সাবেক জন প্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার (এসপি) নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে নিহতের ছোট ভাই তাওফিকুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন।

নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের দেওয়া তথ্যে প্রতিবেদনটি তৈরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত