ম্যানসিটির জয়, লিভারপুলের প্রথম হার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। আজ শনিবার ইতিহাদে চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল হজম করে ম্যানসিটি। তবে প্রথমার্ধেই জোড়া গোল করেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত (২-১) লিড ধরে রেখে টানা চতুর্থ জয় পায় পেপ গার্দিওলার দল।

সিটির জয়ের দিনে হেরেছে লিভারপুল। নটিংহ্যাম ফরেস্ট ১-০ গোলে হারায় লিভারপুলকে। অ্যানফিল্ডে ম্যাচের ৭২ মিনিটে নটিংহ্যামের হয়ে গোল করেন কালুম হাডসন ওডই। লিগে মৌসুমে এটি প্রথম হার লিভারপুলের।

ইতিহাদে সমর্থকরা কিছু বুঝে ওঠার আগেই ইয়ানে ভিসা গোল করলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ১৯ মিনিটে বক্সের মাথা থেকে শটে বল জালে পাঠান হালান্ড। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান হালান্ড। তাতে অবদান আছে সিটির গোলকিপার এদেরসনের। তার শট সরাসরি সামনে পড়ে হালান্ডের। কিছুটা দৌড়ে গিয়ে সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডারকে ফাকি দিয়ে বল জালে পাঠান হালান্ড।

প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম চার ম্যাচেই ৯ গোল হলো হালান্ডের, এমন কীর্তি আর কারও নেই। লিগের সর্বোচ্চ গোলদাতা তালিকাতেও শীর্ষেই আছেন হালান্ড। 

চার ম্যাচ শেষে পূর্ণ ১২ পয়েন্টে শীর্ষেই রইলো ম্যানসিটি। হারের পরও ৯ পয়েন্টে দুইয়ে আছে লিভারপুল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত