শুটিংয়ে ফিরলেন অপূর্ব

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ এএম

নাটকে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। একটা সময় যাকে মাসের ত্রিশ দিনই শুটিং করতে দেখা যেত, সেই জিয়াউল ফারুক অপূর্বকে এখন আর নাটকে সেভাবে দেখা যায় না। কয়েক মাসে একটি কিংবা দুটি নাটকে হাজির হন। এর মধ্যে ওটিটির কাজে নিজেকে ব্যস্ত করেছিলেন এবং সর্বশেষ ‘গোলাম মামুন’ দিয়ে এই মাধ্যমেও নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিলেন এই তারকা।

গত ঈদুল আজহায় প্রচার হওয়া এই সিরিজের জন্য অনেকগুলো নাটকের কাজও ছেড়েছিলেন তিনি। এরপর দু-একটি নাটকটির শুটিং করলেও সেগুলো এখনো প্রচারে আসেনি। এর মধ্যে গণ-অভ্যুত্থান ও বন্যা সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে বেশ। যদিও সে অর্থে পুরোপুরি স্বাভাবিক হয়নি, ইতিমধ্যে শুটিংয়ে ফিরতে শুরু করেছেন শিল্পীরা। অবশেষে কয়েক মাস পর ফিরলেন ছোট পর্দার সবচেয়ে বড় এই তারকাও।

রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে গতকাল শনিবার নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নেন অপূর্ব। ক্লাব ইলেভেন প্রযোজিত এ নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত রম-কম ঘরানার এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। এই নাটকের পর এক দিন বিরতি দিয়ে একই পরিচালকের আরেকটি নাটকে অংশ নেবেন এই জুটি।

নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এটা একটা রম কম গল্প। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে একটানা দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’

এই দুটি নাটক ছাড়াও চলতি মাসে জাকারিয়া সৌখিনের দুটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে অপূর্বর। এর মধ্যে একটি ‘মন দুয়ারী’র প্যাঁচ ওয়ার্ক এবং অন্যটি নতুন। দুটি নাটকেই অপূর্বর সঙ্গে দেখা যাবে নাজনীন নীহাকে।

এদিকে এক দিন আগেই অভিনয় ক্যারিয়ারের দেড় যুগ পার করলেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতা। ২০০৬ সালে গাজী রাকায়েতের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘বিয়ের গল্প’-তে অভিনয়ের মধ্যদিয়ে যাত্রা শুরু এবং সেই থেকে প্রতি মুহূর্তে যেন দিন দিন নিজেকেই ছাড়িয়ে গেছেন এ অভিনেতা। দর্শকের মন জয় করে হয়ে উঠেছেন নাটকের অন্যতম শীর্ষ অভিনেতা।

এ প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন, আমার মা-বাবার কারণে এ পৃথিবীর আলোর মুখ দেখতে পেরেছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার প্রথম বিজ্ঞাপনের নির্মাতা অমিতাভ ভাই, প্রথম নাটকের নির্মাতা রাকায়েত ভাই, নির্মাতা চয়নিকা চৌধুরী, শিহাব শাহীনসহ বিভিন্ন সময়ে আরও যারা আমাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন তাদের প্রতি। একটা সময় তরুণ অনেক নির্মাতাই আমাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করেছেন, তারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন, তাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছি। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। বিশেষত আমার সিনিয়র কয়েকজন শিল্পীর প্রতি। প্রতিটি কাজের প্রযোজক, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, সিনিয়র ও জুনিয়র সহশিল্পী, আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইবোন, আমার পরিবারসহ সবার কাছেই কৃতজ্ঞ। আমি সেসব নাট্যকারের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে ভেবে গল্প লিখেছেন। সর্বোপরি কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের কাছে।’

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নিজেকে থিতু করেছেন নাটকেই। নানামাত্রিক চরিত্রে অভিনয় স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন। অভিনয় দিয়ে পৌঁছেছেন সাফল্যের শিখরে। র‌্যাম্প দিয়ে যার শুরু, সেই র‌্যাম্পকে মিস করেন জানিয়ে তিনি বলেন, ‘আমি তো র‌্যাম্পে ছিলাম, যার কারণে মাঝে মাঝে র‌্যাম্পকে খুব মিস করি। সেই সময়টাই অন্যরকম ছিল। এখন অভিনয়ের কারণে সেটা করা সম্ভব হয়ে উঠে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত