জ্যেষ্ঠ সাংবাদিক ঊর্মি রহমান আর নেই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ এএম

জ্যেষ্ঠ সাংবাদিক-লেখক ঊর্মি রহমান মারা গেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন, ঊর্মি রহমান কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী সাগর চৌধুরী ও একমাত্র সন্তান রূপক রহমানকে রেখে গেছেন। তারা প্রায় এক দশক ধরে কলকাতায় বাস করছিলেন।

বাংলাদেশে সাংবাদিকতা জগতে দীর্ঘদিনের পদচারণ ছিল ঊর্মি রহমানের। শিক্ষার্থী থাকাকালীন দৈনিক সংবাদে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তী সময়ে দৈনিক বাংলা ও উইকলি হলিডেতে কাজ করেন। দীর্ঘদিন সাপ্তাহিক বিচিত্রায় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে সমালোচনা লিখেছেন। লিখেছেন দৈনিক জনকণ্ঠে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে কাজ করেছেন। ১৯৮৫ সালে বিবিসি ওয়ার্ল্ডের বাংলা সার্ভিসে যোগ দেন। বিবিসির পর লন্ডনে স্থানীয় সরকারে কাজ করেছেন কিছুদিন। সাংবাদিকতা ছাড়াও গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনি লিখেছেন ঊর্মি রহমান। অনুবাদও করেছেন। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বই লিখেছেন।

প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ব্রিকলেন: বিলেতের বাঙালিটোলা’, ‘আমাদের সময়’, ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’, ‘সমান্তরাল, ‘অতিথি’, ‘এদেশে বিদেশে’। সম্প্রতি বিলেতের প্রকাশক ফ্রান্সিস লিঙ্কন প্রকাশ করেছে ঊর্মি রহমানের শিশুতোষ গ্রন্থ ‘বি ইজ ফর বাংলাদেশ’।

ঊর্মি রহমান জন্মেছিলেন খুলনায়। তার শৈশব কেটেছে বন বিভাগের কর্মী বাবার সঙ্গে সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামে। লেখাপড়া ঢাকা, খুলনা এবং সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিনি শিল্প-সাহিত্যের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন লন্ডন থেকে আন্তর্জাতিক বাংলাভাষী পরিমণ্ডলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত