এক সপ্তাহ ধরে অবরুদ্ধ মহাখালীর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও বিজয়নগরের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর ও সব পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারের অপসারণ এবং এ দুই প্রতিষ্ঠানে সব পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তা পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে এ দুই প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নার্সিং সংস্কার পরিষদ।
এ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে অফিসে আসতে পারছেন না মহাপরিচালকসহ কর্মকর্তারা। কোনো কাজ হচ্ছে না। পুরো কার্যালয়ে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। কে কখন আসছে, কখন যাচ্ছে, কোনো ধরনের দেখভাল নেই।
এমন অবস্থায় নার্সিং সেক্টর সংস্কারের দাবিতে আজ রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দেবে নার্সিং সংস্কার পরিষদ। এ সময় পরিষদ প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন।
এসব তথ্য জানিয়ে পরিষদের সমন্বয়ক (মিডিয়া উইং) সাব্বির মাহমুদ তিহান দেশ রূপান্তরকে বলেন, দুই প্রতিষ্ঠানে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হবে রবিবার সকাল ৯টা থেকে। সেখান থেকে একটি প্রতিনিধিদল যাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে। আমরা সে সময় আমাদের দাবিদাওয়া নিয়ে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করব।
গতকাল শনিবারও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং সংস্কার পরিষদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা এ বিক্ষোভ মিছিল করেন। নার্স পেশা নিয়ে কটূক্তি করায় ডিজির পদত্যাগ দাবি করেন তারা। এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
