জুতা খুলে ঢুকতে বলায় চিকিৎসককে মারধর!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

জরুরি বিভাগে ঢোকার আগে জুতা খুলে ঢুকতে বলেছিলেন। সেই ‘অপরাধে’ চিকিৎসকের (৩৩) ওপর চড়াও হলো রোগীর পরিবার। ঘটনাটি ভারতের গুজরাটের ভাবনগরের। এ ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসক এবং নার্সকে হেনস্থার পাশাপাশি তাদের বিরুদ্ধে রয়েছে হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুরের অভিযোগ।

আহত চিকিৎসক জানিয়েছেন, গত ১২ সেপ্টেম্বর মাথায় জখম নিয়ে ভাবনগরের সিহর এলাকার বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে যান এক তরুণী। তার সঙ্গে ছিলেন তিন পুরুষ। জরুরি বিভাগে ঢুকে পড়েন তারাও। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের জুতা  খুলে আসতে অনুরোধ করেন। শুরু হয় কথাকাটাকাটি। সেই তর্কই শেষমেশ গড়ায় হাতাহাতিতে। এমনকি তারা ওই চিকিৎসককে খুনের হুমকিও দেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। অপরদিকে গত ৯ আগস্ট কলকাতার আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও উত্তাল ভারত। প্রশ্ন উঠেছে কর্মক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে। এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসক-হেনস্থার ঘটনা উস্কে দিচ্ছে সেই বিতর্ক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত