শাহরিয়ার কবির মোজাম্মেল বাবু শ্যামল দত্ত রিমান্ডে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ এএম

ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মোজাম্মেল হক বাবু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে ভাসানটেক থানায় আরেকটি হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডের এ আদেশ দেন। শুনানিকালে এ তিনজনকে আদালতে হাজির করা হয়। লিজা আক্তারকে হত্যার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন। গত ৫ সেপ্টেম্বর লিজার বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে লিজাসহ অনেক সাধারণ মানুষ আহত হন। গুলিবিদ্ধ লিজা গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভাসানটেক এলাকায় মো. ফজলুল হক হত্যার ঘটনায় করা মামলায় একই আদালতে শ্যামল দত্তকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক শহিদুল হক। ফজলুল হক হত্যার ঘটনায় ১১ সেপ্টেম্বর তার বড় ভাই মোহাম্মদ সবুজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্যামল দত্তসহ ১৩৯ জনকে আসামি করে মামলাটি করেন। এতে বলা হয়, ৫ আগস্ট হাসিনা সরকারের পতন উদযাপনের সময় ভাসানটেক এলাকায় দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ফজলুলকে গুলি করে হত্যা করা হয়।

গত সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার সীমান্ত এলাকায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। তারা একটি প্রাইভেট কারে এসে সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন বলে জানায় স্থানীয় পুলিশ। ওইদিন তাদের ঢাকার উদ্দেশে পাঠানোর পর ডিবির কাছে হস্তান্তর করা হয়।

সুজনের রিমান্ড স্থগিত, মেনন ফের রিমান্ডে : হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গতকাল সকালে তিন দিনের রিমান্ডের আদেশ দিলেও বিকেলে তা স্থগিত করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি নিয়ে নূরুল ইসলাম সুজনের জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার এ মামলায় রিমান্ড দিয়েছিল আদালত। শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে সুজন বলেন, ‘আমি অসুস্থ। আমার বয়স ৭০ বছর। বিভিন্ন রোগে ভুগছি। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আমার জীবনে এ মামলা ছাড়া আর কোনো মামলা নেই। এ মামলায় আমার নাম ছাড়া কিছু নেই। আমাকে জামিন দেন, পরে সুস্থ হলে অন্যায় করলে বিচার করুন।’ আদালত তখন তিন দিনের রিমান্ডের আদেশ দিলেও পরে বিকেলে জানা যায়, অসুস্থতাজনিত কারণে তার রিমান্ড প্রত্যাহার করে সুজনকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দিতে নির্দেশ দেয় একই আদালত।

গত সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর নিহত ইমরানের মা কোহিনুর আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে এ মামলাটি করেন। এ মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা এলাকায় ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে হত্যাচেষ্টায় মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানায় উপপরিদর্শক মাঈনুল ইসলাম পুলক পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর বেলা ১১টার সময় রমনা এলাকায় নির্বাচনের মিছিলে মেননের নেতৃত্বে মির্জা আব্বাসকে হত্যা উদ্দেশ্যে আঘাত করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব হক।

আশুলিয়া থানায় রবিউল সানি হত্যাচেষ্টার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (বরখাস্ত) আবদুল্লাহহিল কাফীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আরেকটি আদালত। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর একটি হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে আরেকটি হত্যা মামলা পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত