পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের অফিশিয়াল স্ট্যাটাস আমাদের জানা নেই। আমরা অফিশিয়ালি তাদের কিছু জানতেও চাইনি এ বিষয়ে।’ গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতে শেখ হাসিনার অবস্থান ৪৫ দিন হচ্ছে। আমরা কি তার অবস্থানের স্ট্যাটাস জানতে চেয়েছি এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘দেখুন সবকিছুই আইন দিয়ে চলে না। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিন থেকে আছে।
তখন ৪৫ দিনের মধ্যেই কী তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে।’
সেখানে শেখ হাসিনার অফিশিয়াল স্ট্যাটাস কী আমরা জানি এই প্রশ্নে তিনি বলেন, ‘না আমরা জানি না। যেটুকু বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেটুকুই। আমি অফিশিয়াল তাদের কিছু বলিনি।’ ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তাদের সঙ্গে আজ (মঙ্গলবার) বৈঠক হয়েছে। তারা কাজ শুরু করবে। তাদের কোনো সহায়তার দরকার হলে আমরা সহায়তা দেব। তাদের কাজে কোনো হস্তক্ষেপ করব না। তারা কোনো পাবলিসিটিও চায় না। এটা হলে তাদের কাজে বিঘ্ন সৃষ্টি হবে।’
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার কাদের সঙ্গে বৈঠক হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।
এ ছাড়া গতকাল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশেদ। মালদ্বীপ সরকার শিগগিরই মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং হাইকমিশনার উভয়েই আঞ্চলিক সহযোগিতা জোরদার ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
