চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস শাটডাউন ঘোষণার একদিনের মাথায় জারি করা হয়েছে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমাদ।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত হয়। এতে বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২(২) ধারা অনুযায়ী রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পাঁচটি শর্তে অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এগুলো হলো— উপাচার্য পদে এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে, উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
