চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারকে হত্যার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৪ নেতাকর্মী বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ছেলে আবু তালেব জমাদার।
ঘটনার দীর্ঘ ৪ বছর পর বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। এর মধ্যে ২৪জন নামীয় এবং ৫০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামি নূর হোসেন ও তার পিতা মোতালেব জমাদার সর্বশেষ ২০২০ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি নূর হোসেনকে মনোনয়ন দেন। আর মোতালেব জমাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নূর হোসেন তার লোকজনসহ নির্বাচন প্রচারণাকালীন সময়ে মোতালেব জমাদারকে মারধর করেন। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে নিজ বাড়িতে ২০২০ সালের ২৭ নভেম্বর মারা যান। তবে নূর হোসেন প্রভাবশালী হওয়ার কারণে দীর্ঘদিন মামলা করতে পারেননি।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাজাহন খান বলেন, আসামি পক্ষ হাসিনা সরকারের প্রভাশালী লোক ছিলেন। পরিবারের নিরাপত্তাহীনতায় এমন মর্মান্তিক হত্যার ঘটনায় মামলা করতে পারেননি এবং মামলা করতে দেরি হয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী সঠিক বিচার পাবেন।
