ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৬ মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ এএম

দেশে চলতি মাসের ১৮ দিনেই বছরের সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হয়েছে। সবশেষ ২৪ ঘণটায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা) ভর্তি হওয়া নতুন রোগী মিলে এ মাসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জন ও নতুন মৃত্যু মিলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। রোগী ও মৃত্যুর এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ। এর আগে গত আগস্ট ছিল সর্বোচ্চ প্রাদুর্ভাবের মাস। সে মাসে রোগী ছিল ৬ হাজার ৫২১ জন ও মৃত্যু হয় ২৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে একদিনে বছরের সর্বোচ্চ ছয়জন মারা গেছেন। এর আগে এর চেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছিল গত বছরের ১৩ ডিসেম্বর। নতুন মারা যাওয়া ছয়জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সংখ্যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ। আগের দিন গত মঙ্গলবার সর্বোচ্চ ৮৭২ জন রোগী ভর্তির রেকর্ড হয়।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৯৩ জন ভর্তি হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে ২৫১ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন চিকিৎসা নিচ্ছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, খুলনা বিভাগে ৯৪ জন, বরিশাল বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২০ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ৫৫৫ জন বা ৬৪ শতাংশ পুরুষ এবং ৩১০ জন বা ৩৬ শতাংশ নারী।

অধিদপ্তরের তথ্যা অনুযায়ী, এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৯ জন। তাদের মধ্যে ৫৫ শতাংশ নারী ও ৪৫ শতাংশ পুরুষ। এর মধ্যে সর্বোচ্চ মারা গেছেন এ মাসেই ৩৬ জন। এরপর আগস্টে ২৭ জন, জানুয়ারিতে ১৪ জন এবং জুলাই ও মে মাসে ১২ জন করে ডেঙ্গুতে মারা গেছেন।

এ বছর মোট রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে গত মঙ্গলবার। গতকাল মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৯ জনে। গত জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন, জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন, জুনে ৭৯৮ জন, মে মাসে ৬৪৪ জন, এপ্রিলে ৫০৪ জন, ফেব্রুয়ারিতে ৩৩৯ জন এবং মার্চে ৩১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত