ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ‘গণপিটুনিতে’ প্রাণহানির ঘটনায় আক্ষেপ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ ঘটনায় তিনি বলেছেন, ‘একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।’
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটি কীভাবে রোধ করা যায়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। কাল দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা হয়েছে। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের সচেতনতা আসতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে দেন। নিরপরাধ লোক যেন কোনো অবস্থায় হেনস্তা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে।’
সভায় সাম্প্রতিক সময়ে দায়ের করা মামলাগুলোয় বিপুল সংখ্যক আসামি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পুলিশ মামলা করছে না, করছে সাধারণ জনগণ।
তিনি বলেন, 'আগে পুলিশ মামলা দিতো, এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিয়েছে? আগে পুলিশ ১০ জনের নাম দিয়ে ১০০ জনের নাম দিতো অজ্ঞাত। আজ পর্যন্ত কিন্তু পুলিশ (মামলা) দিচ্ছে না। এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে।'
পুলিশ বাদী হয়ে এ রকম একটি মামলা করলে তাকে অবহিত করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বন্যায় ডুবছে পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল মমতার