বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নড়াইল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৬৯ জনের নামে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। আদালতের বিচারক মো. জুয়েল রানা নড়াইল সদর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন।
মামলায় আরো নাম রয়েছে জেলা আ. লীগের সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আজম মাসুম, সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল আকাশ নীলসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৬৯ নেতাকর্মীর।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর হুকুমে আসামি অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস শর্টগান দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালান। এ সময় শর্টগানের গুলিতে বাদীর ভাইপো কলেজছাত্র সোহান বিশ্বাসসহ ৪ জনের শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগে মারাত্মক জখম হয়। সোহান এখনো ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মামলার কপি এখনো আমাদের হাতে আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদক কারবারি আটক
আরও ২.৩ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক