ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ঘটনার তদন্ত করে সব তথ্য বের করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার চার শিক্ষার্থী হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন এবং জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও আহসানউল্লাহ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মিন্টো রোডের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, নিহতের সুরতহাল এবং পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। নিহতের মরদেহ তার আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টারিয়াল বডি পুলিশের কাছে পাঁচজনক হস্তান্তর করেছে। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যহত রয়েছে। যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
কারা ঘটনা ঘটাল এবং ঘটনার সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্দেহজনক ঘটনার প্রেক্ষিতে নিহত যুবককে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে এনে মারধর করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাত পৌনে একটার দিকে যুবককে মৃত ঘোষণা করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তদন্তাধীন বিষয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে।
সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে দায়ী করেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি পুলিশকেও দায়ী করছে সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে পুলিশের বক্তব্য কী? এমন প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান জানান, কারা ঘটিয়েছে এবং কী কারণে ঘটিয়েছে সেটি তদন্তের বিষয়। আশা করি তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে। এ বিষয়ে ডিবির টিমও কাজ করছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের নাম উল্লেখ করে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
পহেলা অক্টোবর থেকে বিমানবন্দর এলাকা হর্নমুক্ত ঘোষণা
কাজের গতি স্লো হলে আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন: রিজভী