বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ গ্রুপের সব সম্পত্তি দেখভালে রিসিভার (তত্ত্বাবধায়ক) নিয়োগের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে গ্রুপটির সব সম্পত্তি ছয় মাসের জন্য অ্যাটাচ (সংযুক্ত) করতে বলেছে হাইকোর্ট।
এ-সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া পূর্ণাঙ্গ আদেশের এমন নির্দেশনা দিয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।
গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত হয়। হাইকোর্ট তার আদেশে এ রিট মামলায় দেওয়া রুল বিচারাধীন অবস্থায় বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের কাছ থেকে অর্থ উদ্ধার ও বিদেশ থেকে অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব। ব্যারিস্টার মাসুদ আর সোবহান গত ৪ সেপ্টেম্বর এ রিট আবেদনটি করেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সালমান এফ রহমানকে বিবাদী করা হয়। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। হত্যা মামলাসহ বেশকিছু মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
