ছুটির দিন মেট্রোতে চড়ে যাত্রীদের উচ্ছ্বাস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

রাজধানীর যানজট থেকে রেহাই পেতে মেট্রোরেল যাত্রীদের কাছে এক স্বস্তির বাহন। শুরুতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চলত না মেট্রো। কিন্তু চালু হওয়ার দীর্ঘদিন পর আজ থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল। একইসঙ্গে গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হওয়া কাজীপাড়া স্টেশন মেরামতের পর আজ থেকে চালু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে। দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের বিরতি ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে। তাছাড়া ক্ষতিগ্রস্ত মিরপুর স্টেশন চালু করার জন্য পুরোদমে কাজ চলছে।

সরেজমিনে শুক্রবার কাজীপাড়া স্টেশনে গিয়ে দেখা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এ সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা। শুরুর দিকে এই স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ।

কাজীপাড়া স্টেশনে টিকিট কাটতে আসা মো. আফসার বলেন, আন্দোলনের পর থেকে দুই মাসের বেশি সময় এই স্টেশন বন্ধ ছিল। আজ এতদিন পর এই স্টেশনে এসে টিকিট কেটে গন্তব্যে যেতে পেরে ভালো লাগছে। মিরপুর ১০ স্টেশন চালু হয়ে গেলে যাত্রীদের উপকার হবে।

স্টেশনে আসা আরেক যাত্রী আসাদ বলেন, বন্ধের দিনে মেট্রোরেল চলাচল জরুরি ছিল। কারণ মেট্রোরেলে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। আজ টিএসসিতে জরুরি কাজ আছে। এখান থেকে খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারব। খুব ভালো লাগছে।

মিরপুরের বাসিন্দা মো. যুবায়ের বলেন, শুনেছিলাম ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের দুটি স্টেশন চালু হতে এক বছরের বেশি সময় লাগবে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে একটি স্টেশন চালু হলো। আশা করছি মিরপুর-১০ নম্বর স্টেশন দ্রুত চালু হবে। কারণ যানজটের জন্য মিরপুরবাসীর জন্য মেট্রোরেল একটি ভরসার নাম।

এদিকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে আসেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বন্ধের দিনে মেট্রোরেল চলাচল বিষয়ে বলেন, আজ থেকে এই স্টেশনেও মেট্রো থামবে। আমরা ডাটা কালেকশন করে দেখব শুক্রবার কেমন ইম্প্যাক্ট পড়েছে। যাত্রীরা কেমন যাতায়াত করছেন। আমাদের টার্গেট সাড়ে তিন মিনিট পর পর মেট্রোরেল চালানো। সে লক্ষ্যেই এগোচ্ছি। মেট্রোরেলকে কমার্শিয়ালি এগিয়ে নিতে চাই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত