পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা ঘটেছে। এ ধরনের ‘মব জাস্টিস’ কোনোভাবেই কাম্য হতে পারে না উল্লেখ করে পুলিশ সদর দপ্তর হুঁশিয়ার করে বলেছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ হুঁশিয়ারি দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপিটুনি দিয়ে মানুষ হত্যার মতো ‘মব জাস্টিস’ কোনোভাবেই কাম্য হতে পারে না। আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে; কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’

কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অথবা কাছের থানায় যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে পুলিশ। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত