নারায়ণগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় আসামি আল জুবায়ের স্বপ্নীলকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের পাইকারী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায়  মাতৃসদন নামে একটি ভবনের ৬ষ্ঠ তলার ফ্ল্যাট বাসায় মা রুমা চক্রবর্তী ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই রক্তমাখা ধারালো ছুরিসহ ঘাতক আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এই ঘটনায় রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী বাদী হয়ে মামলা  করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ‘২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত