পাঁচ দিন পর আসছে ‘জাল’, যেভাবে পাওয়া যাবে টিকিট  

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তানি রক ব্যান্ড ‘জাল’। আগামী ২৭ সেপ্টেম্বর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এক কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি। তার সঙ্গে থাকবে ‘অর্থহীন’ ও ভাইকিংস। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের  ঢাকা এরিনাতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এটি আয়োজন করেছে অ্যাসেন, জিরকোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপেরিয়েন্স।

আয়োজনটির অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ফুডপ্যান্ডা। উপমহাদেশের অন্যতম সেরা ব্যান্ডটির পরিবেশনা উপভোগে আগ্রহী ভক্তরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে খুব সহজেই কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারবেন  বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

প্যান্ডামার্টের মাধ্যমে কনসার্টের টিকেট অর্ডার করতে স্মার্টফোনে ফুডপ্যান্ডা অ্যাপ ডাউনলোড করতে হবে। সঠিক নিয়ম অনুসরণ করে টিকেট ক্রয় সম্পন্ন হলে গ্রাহকদের একটি পেমেন্ট রিসিট বা ডামি টিকেট প্রদান করবে প্যান্ডামার্ট। তবে এটি শুধুমাত্র সফল পেমেন্টের রশিদ হিসেবে প্রযোজ্য হবে, অর্থাৎ এর মাধ্যমে কনসার্টে প্রবেশ করা যাবে না। ফুডপ্যান্ডায় গ্রাহকদের নিবন্ধিত ইমেইল অ্যাড্রেসে ৪৮ ঘন্টার মধ্যে মূল টিকেট ইমেইল করবে অ্যাসেন (আয়োজক)। বিস্তারিত তথ্যের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুসরণের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৫টায়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার পঞ্চাশ টাকা। 

জালকে সর্বশেষ ঢাকায় পারফর্ম করতে দেখা গিয়েছিল ২০১০ সালে। নতুন এই ইভেন্টটি জালের প্রথম অ্যালবাম ‘আদাত’ এর ২০তম বার্ষিকীও উদযাপন করবে, যা ‘ওহ লামহে’, ‘দিল হারে’, ‘পাঞ্চি’, ‘বিখরা হুঁ ম্যায়’, এবং ‘আদাত’ এর মতো কালজয়ী গানের জন্য বিখ্যাত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত