জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফের, বিজিবির বাধা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী  ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা বাধা দিয়েছেন। বাধার পর কাজ বন্ধ রেখেছে বিএসএফ। পরে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বৈঠক করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

জানা গেছে, সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে। ঘটনাটি নিয়ে রবিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছেন।

ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে শনিবার বাধা দেন। পরে রবিবার আবার কাজ করেন। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সাথে বৈঠক করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরা যাবে না। কিন্তু তারা সেটি করেনি।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ ফোনে বলেন, বিষয়টি জানতে পেরে আমাদের বিজিবি বাধা দিয়েছে। তারা কাজ স্থগিত রেখেছে। তাদের সাথে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবে। পরবর্তী বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত